শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
সারাদেশে যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো ধরনের অভদ্র আচরণও লক্ষ্য করা যাচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনসংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের প্রস্তুতি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা সন্তুষ্ট, আমরা খুবই খুশি।’
তবে তিনি উল্লেখ করেন, সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু ও নির্ভুলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা। প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হলো—ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করা।’
ভোট গ্রহণের আর মাত্র চার দিন বাকি থাকায় সামনের সপ্তাহটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন হবে নিরাপদ ও উৎসবমুখর।
তিনি প্রত্যাশা করেন, নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং পরিবারসহ সাধারণ মানুষ ভোটের উৎসবে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
বিভি/পিএইচ



মন্তব্য করুন: