নির্বাচনের আগ মুহূর্তে নিয়োগ পেলেন ৪৪তম বিসিএসের ৩৪৮ ক্যাডার
আর মাত্র ৪ দিন পরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৪৮ জন প্রার্থীকে বিভিন্ন বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে সরকার।
নিয়োগপ্রাপ্ত এসকল কর্মকর্তাদের আগামীকাল সোমবার পূর্বাহ্নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর স্ব-শরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশক্রমে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এসব প্রার্থীদের প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তাঁদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
চাকরিতে যোগদানের সময় প্রত্যেক কর্মকর্তাকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজে বা পরিবারের কোনো সদস্যের জন্য কোনো যৌতুক গ্রহণ করবেন না এবং প্রদান করবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামীকাল সোমবার পূর্বাহ্নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর স্ব-শরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানের স্থান হিসেবে ঢাকার ধানমন্ডিস্থ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-কে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সনদ পরবর্তীতে যাচাইকালে ভুয়া প্রমাণিত হলে তাঁদের নিয়োগ বাতিলসহ ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যদি কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, সে ক্ষেত্রে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। চাকরিতে যোগদানের জন্য তিনি কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: