দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম অবস্থানে বাংলাদেশ: টিআইবি
বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। এ তথ্য জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ২৪। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০২৪ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান।
এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। অপরদিকে, ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। ১৮২টি দেশের মধ্যে ১০০-এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম।
টিআইবি মনে করছে, চলতি বছরে বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বাড়ার পেছনে জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনের সম্ভাবনা সংক্রান্ত ইতিবাচক প্রত্যাশার প্রভাব রয়েছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রে অন্তর্ভুক্ত না থাকায় প্রকৃতপক্ষে বাংলাদেশের স্কোর ও অবস্থানে উল্লেখযোগ্য কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।
টিআইবি আরও জানায়, এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ উচ্চমাত্রার দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে এবং যেসব দেশ গণতন্ত্রের দাবি করে, সেসব দেশেও দুর্নীতির প্রবণতা ঊর্ধ্বমুখী।
২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: