বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম আপাতত স্থগিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান।
এর আগে সরকারের শেষ সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত ৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্তির জন্য মোট ৩ হাজার ৬১৫টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রথম পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের আবেদন বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালায় নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে প্রাপ্ত আবেদনসমূহ মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়নের ক্ষেত্রে এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক সাম্যসহ আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রাপ্ত গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের আবেদন বিবেচনাযোগ্য বলে প্রতীয়মান হওয়ায় সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে উল্লিখিত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়ে একটি চিঠি পাঠানো হয়।
তবে সরকারের শেষ সময়ে এমপিওভুক্তির এই ঘোষণাকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে সোমবার রাত সাড়ে ১১টায় হোয়াটসঅ্যাপ বার্তায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে এমপিওভুক্তির কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: