চতুর্থ দফায় বাড়লো অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে। ফলে করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ৩১ মার্চ পর্যন্ত। এনবিআর সূত্রে জানা যায়, নির্বাচনসহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া নতুন সরকারের সময়ে কর আদায় আরও গতিশীল করতে চায় সংস্থাটি। চলতি করবর্ষে গেল আগস্ট থেকে পাঁচ শ্রেণি বাদে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। শুরুতে গত বছরের নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হলেও পরে তা আরও তিন দফায় বাড়ানো হয়। সবশেষ ২৮ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও চতুর্থবারের মতো ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ালো এনবিআর। এখন পর্যন্ত ৪০ লাখ করদাতা অনলাইনে আয়কর জমা দিয়েছে।
এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ সুবিধার আওতায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
যেভাবে আবেদন করবেন
বিদেশে অবস্থানরত করদাতাকে তার নিজ ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে-
১. পাসপোর্টের কপি
২. জাতীয় পরিচয়পত্রের কপি
৩. ভিসা পেজের কপি
৪. বিদেশের বর্তমান ঠিকানা
৫. বিদেশে ব্যবহৃত মোবাইল/ফোন নম্বর
৬. সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ
এনবিআর আবেদন যাচাই-বাছাই করে ই-মেইল ভেরিফাই করলে করদাতা ভেরিফাইড ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: