• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা

প্রকাশিত: ১৯:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হবে। ওইদিন থেকে যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তথ্যমতে, মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে কাউন্টার ও অনলাইন-উভয় মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে সহজেই টিকিট কিনতে পারবেন।

সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে বলেন, সিদ্ধান্ত অনুযায়ী, ৩ মার্চ থেকে ১২ মার্চ এবং এর পরবর্তী ঈদপূর্ববর্তী যেকোনো দিনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ডিজিটাল সেবা বাড়াতে এবারও কাউন্টারের পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আসন নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।

ভাড়ার বিষয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত তালিকার বাইরে বাড়তি কোনো টাকা আদায়ের সুযোগ নেই। অনলাইন বা অফলাইন-সবখানেই নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে যাতে যাত্রীরা প্রতারিত না হন।

বিশেষ করে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন টার্মিনাল ও কাউন্টারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো প্রকার অনিয়ম বা বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত