• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাত, বন্ধ আকাশসীমা: শাহজালালে প্রবাসী যাত্রীদের ভিড়

প্রকাশিত: ২২:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে সংঘাত, বন্ধ আকাশসীমা: শাহজালালে প্রবাসী যাত্রীদের ভিড়

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ আটকা পড়েছেন হাজারো যাত্রী।

ফ্লাইট অনিশ্চয়তায় অনেক যাত্রী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন। যাদের ফ্লাইট গভীর রাতে, তাদেরও আপাতত বিমানবন্দরে না আসার পরামর্শ দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে এই অচলাবস্থা কবে কাটবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন শাহজালাল থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে, যার অধিকাংশই মধ্যপ্রাচ্যগামী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত সূচিভুক্ত অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাত ১২টা থেকে পরদিন পর্যন্ত আরও শতাধিক ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।

দুপুরের পর থেকে বিমানবন্দরে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন করেছেন, তাদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স হোটেলে থাকার ব্যবস্থা করছে। এ ছাড়া বিমানবন্দরের ক্যানোপির নিচে অপেক্ষা করছেন বহু যাত্রী।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ইসরাইলের হামলার পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের সব রুটে যাত্রী পরিবহন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কতটি ফ্লাইট বাতিল হয়েছে, কখন স্বাভাবিক হবে বা যাত্রীদের কোথায় রাখা হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পরে বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইরান-ইসরাইল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই, কাতারসহ কয়েকটি দেশের আকাশপথে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে নির্ধারিত একাধিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনঃনির্ধারণ করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে—ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য এসএমএস, ইমেইল ও কল সেন্টারের মাধ্যমে যাত্রীদের আগেভাগে জানাতে হবে। বিমানবন্দরে এয়ারলাইন্সের স্টাফদের উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে এবং পুনঃনির্ধারিত ফ্লাইটের বিষয়ে স্পষ্ট তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।

সংশ্লিষ্ট রুটে ভ্রমণ পরিকল্পনাকারী যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে দ্রুত যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বেবিচক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত