• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

ইরান-ইসরাইল পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনর্নির্ধারণে সরকারের নজরদারি

বাসস

প্রকাশিত: ০১:০৯, ২ মার্চ ২০২৬

আপডেট: ০১:১০, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরান-ইসরাইল পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনর্নির্ধারণে সরকারের নজরদারি

ইরান-ইসরাইল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনর্নির্ধারণে পর্যাপ্ত সময় নিশ্চিত করা এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে সরকার নিবিড় নজরদারি করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রায় ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটকে প্রভাবিত করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটও ছিল।

তিনি জানান, সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আজ থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গতকাল স্থগিত হওয়া ফ্লাইটগুলো ইতোমধ্যে পুনর্নির্ধারণ করা হয়েছে। আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

স্থগিত ফ্লাইটের সব যাত্রীকে সোমবারের মধ্যে নিজ নিজ গন্তব্যে পাঠানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, বিশেষ করে যেসব যাত্রী বিদেশগামী ফ্লাইটে যেতে পারেননি তাদের সার্বিক কল্যাণের বিষয়টি।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বিষয়টি তদারকি করছেন এবং ইফতারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিচ্ছেন। আমরা যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করেছি।”

পরিস্থিতি এখনো পরিবর্তনশীল হওয়ায়, যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ ফ্লাইট সূচি নিশ্চিত করার আহ্বান জানান মিল্লাত।

তিনি বলেন, ফ্লাইটগুলো এমনভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে যাতে দূরবর্তী এলাকার যাত্রীরাও বিমানবন্দরে পৌঁছাতে যথেষ্ট সময় পান।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করি সংঘাত আর বাড়বে না। পরিস্থিতি স্থিতিশীল হলে কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে অবনতি হলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত