প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে সরকারের বিশেষ সেল চালু
ফাইল ছবি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতিতে ভিসা জটিলতায় পড়া প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় সরকার বিশেষ সেল চালু করেছে। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে এসে আটকে পড়েছেন, অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এ সমস্যা সমাধানে একটি বিশেষ সেল খোলা হয়েছে।
তিনি বলেন, আমরা দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের ভিসা সমস্যার সমাধানের চেষ্টা করব। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব হবে।
আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: