মধ্যপ্রাচ্যের চার রুটে পুনরায় বিমান চলাচল শুরু
জেদ্দা, মদিনা, মাস্কাটসহ যুদ্ধের কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের আরও চারটি রুটে পুনরায় বিমান চলাচল শুরুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এদিকে, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, যাকাত যথাযথভাবে আদায় হচ্ছে কি না তার তদারকি করবে সরকার।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদউল্লাহ। বৈঠক শেষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, যাকাতের অর্থ কাজে লাগিয়ে কীভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায়—সে বিষয়ে তাদের অভিজ্ঞতা বৈঠকে তুলে ধরা হয়েছে। যাকাত বিষয়ক একটি কমিটি গঠনের প্রস্তাবনাও করা হয়েছে বলে জানান তিনি।
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, যাকাত ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিমানকে জনবান্ধব ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রী হয়রানি কমাতে বিমানবন্দরে আরও একটি স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক আলোকচিত্রী শহীদুল আলম। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজার অবরোধ ভাঙতে আবারও ফ্লোটিলায় যাচ্ছেন তিনি। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ফ্লোটিলায় যুক্ত হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উৎসাহী।
আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন আলোকচিত্রী শহীদুল আলম।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: