• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ইরানে আটকে পড়াদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে রাতে

প্রকাশিত: ১৯:৪৮, ২০ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪৯, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানে আটকে পড়াদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে রাতে

ছবি: ইরানে আটকে পড়া বাংলাদেশিরা

যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে প্রায় ২০০ বাংলাদেশিকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট আজারবাইজানে পাঠানো হয়। সেখান থেকে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

সূত্র জানায়, ইরানের রাজধানী তেহরান থেকে বাংলাদেশিদের প্রথমে সড়কপথে আজারবাইজান সীমান্তে নেওয়া হয়। পরে সীমান্ত পেরিয়ে তাদের বাকুতে নিয়ে যাওয়া হয়। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরানো হচ্ছে।

এ অভিযানের সমন্বয় করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বাকুতে অবস্থান করছেন।

ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।

এদিকে, ভিসা জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ইরানে আজারবাইজানের দূতাবাস বন্ধ থাকায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আজারবাইজানের অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: