যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও তেলের দাম বাড়ায়নি সরকার: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধাবস্থায় অনেক দেশ জ্বালানি তেলের দাম দুই-তিনবার বাড়িয়েছে। অথচ এই কঠিন পরিস্থিতিতেও সরকার জ্বালানি তেলের দামতো বাড়ায়নি, দেশে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।
রবিবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, যুদ্ধাবস্থার মধ্যে সবকিছু ম্যানেজ করা কঠিন বিষয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের চাপ সরকারের নিয়ন্ত্রনে নেই। জ্বালানি তেলের উৎস বের করা, যোগান দেওয়া এক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এই অবস্থায় জনগণের সহযোগিতা, সংযম লাগবে। সবাই মিলে এই অবস্থার উত্তরণ ঘটাতে হবে।
তিনি আরো বলেন, দেশের মানুষ মালিকানা ফিরে পাওয়ায় এবার তৃপ্তি অনুভব করছে। মুক্ত পরিবেশে সত্যিকারের উৎসবমুখর এবং নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে।
সব কিছু মিলিয়ে দেশ যেভাবে চলছে তিনি আশাবাদী জানিয়ে বলেন, সকলে মিলে এভাবে চলতে পারলে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধশালী। এখানে নাগরিকদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।
ঈদের পরদিন আমীর খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদিবাগের বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন করেন। বিপুল নেতা-কর্মীর আপ্যায়নের ব্যবস্থা করা হয় তার বাড়ির আঙ্গিনায়।
বিভি/এসজি



মন্তব্য করুন: