• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুন্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম -ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেনটির আগুন লাগা বগি ও ‘চ’ বগিকে বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম থেকে এ রকম দুটি বগি ফৌজদারহাট স্টেশনে নিয়ে ট্রেনটির সঙ্গে সংযুক্ত করার পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ফলে ৮টা ৪০ মিনেটে চট্টগ্রাম মুখী এবং ৯ টা ২০ মিনিটে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় সকাল সাড়ে ৬টায় ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে ট্রেনের অক্ষত বগিগুলো ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়।

রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির এসআই আবুল কালাম আজাদ জানান, ১৭টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত বগি ‘চ’–এর সামনে থাকা একটি পাওয়ার কারে আগুন ধরে যায়।

ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে গেলে আগুন দেখতে পান। পরে তিনি অন্যদের বিষয়টি জানানোর পর তাৎক্ষণিক ট্রেনটি থামানোর সংকেত দেওয়া হয়। ট্রেনটি থেমে গেলে যাত্রীরা নেমে পড়েন। এরপর ট্রেনটির আগুন লাগা বগি ও ‘চ’ বগিকে বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বিভি/এআই

মন্তব্য করুন: