জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে: পরিবেশ প্রতিমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ নানা সমস্যায় ভুগছে। এখানে সুপেয় পানিসহ স্যানিটেশন, আবাসন ও রাস্তাঘাটের সমস্যা রয়েছে। তিনি এসব সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। সুপেয় পানির জন্য সরকারি পুকুর সংস্কার ও সংরক্ষণ করা হবে এবং তালিকা করে সব রাস্তাঘাট সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, এক-দেড় মাসের মধ্যে শিক্ষিত ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি ও ফ্রান্সে পাঠানো হবে।
তিনি আরও বলেন, যারা তাকে সার্বক্ষণিক পান না, তাদের কথা বিবেচনায় রেখে শনিবার (২৮ মার্চ) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি অভিযোগ বক্স স্থাপন করা হবে। সেখানে জমা দেওয়া অভিযোগগুলো অভিজ্ঞদের মাধ্যমে যাচাই-বাছাই করে সঠিক সমাধান দেওয়া হবে। এ ক্ষেত্রে কে কোন দল বা মতের, তা বিবেচনা করা হবে না। তিনি বলেন, “আমি থাকব সঠিক ও যার প্রাপ্য, তার পক্ষে।”
শুক্রবার (২৭ মার্চ) রাতে মোংলার দামেরখণ্ড কালীমন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।
এর আগে প্রতিমন্ত্রী, যিনি স্থানীয় সংসদ সদস্যও, উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত আরও কয়েকটি মন্দিরের নামযজ্ঞানুষ্ঠানে অংশ নেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: