• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

জ্বালানি খাতে প্রতিদিন কত টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ২১:৪৯, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জ্বালানি খাতে প্রতিদিন কত টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের স্বার্থে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ ) যশোর কালেক্টরেট সভাকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু বাংলাদেশ জনগণের কথা বিবেচনা করে তা করেনি। বরং মানুষের কল্যাণে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। ফলে দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির ক্ষেত্রে ইরান সরকার যে পাঁচটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। সরকারের শক্তিশালী কূটনৈতিক অবস্থানের কারণেই এটি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। অসহায় ও দরিদ্র মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও আর্থিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের চেক বিতরণ কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতেও দলমত নির্বিশেষে আরও সহায়তা প্রদান করা হবে।

তিনি সকলকে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য মজুদ না করার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত মজুদ অন্যের জন্য সংকট তৈরি করতে পারে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে সবাইকে এ বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন।

যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন
 সরকার ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত