সংসদের সদস্যরা বাসভবন পাবেন কবে, জানালেন চিফ হুইপ
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা সরকারি বাসভবন কবে পাবেন, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এমপিদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে বৈঠকের পর চিফ হুইপ এসব বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, হাউজ কমিটির বৈঠক হয়েছে। ১০ এপ্রিলের মধ্যে বাসা বরাদ্দ দেওয়া হবে। আসবাবসহ বিভিন্ন জিনিস ক্রয় করতে হবে। খুব শিগগিরই সব এমপি বাসায় উঠতে পারেন, আশ্বস্ত করছি। সুপেয় পানি নিয়ে সমস্যা হয়েছে। সেটার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।
সংসদ কক্ষের সাউন্ড সিস্টেম নিয়ে চিফ হুইপ বলেন, সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না। নতুন ব্যবস্থা আনার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে। সাউন্ড সিস্টেম নিয়ে যেন বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড না হয় সেদিকে নজর দেওয়া হবে।
তিনি আরও বলেন, সাউন্ড সিস্টেমের জটিলতায় প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে, এমনটা কখনোই হয়নি। কেউ আছেন যিনি স্যাবোটাজ করেছেন বলে আমরা ধারণা করি। তদন্ত কমিটি ২ এপ্রিল প্রতিবেদন দেবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: