• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা পর সচল রেল যোগাযোগ

প্রকাশিত: ১১:০৫, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা পর সচল রেল যোগাযোগ

মৌলভীবাজারে কমলগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিলো রেল যোগাযোগ। পরে আগুন নিভে গেলে সচল হয় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী কালীপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করার পরপরই লোকোমোটিভের (ইঞ্জিন) নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে এবং ট্রেনটি ঘটনাস্থলেই আটকে যায়।

ভানুগাছ রেলস্টেশনের স্টেশনমাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ইঞ্জিনের মবিল চুইয়ে পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়। এতে লোকোমোটিভটি সম্পূর্ণ বিকল হয়ে যায়। ট্রেনটি লাইনের ওপর আটকে থাকায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পরে কুলাউড়া রেলস্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল সোয়া ৯টার দিকে বিকল্প ইঞ্জিন পৌঁছে আটকে পড়া ট্রেনটিকে উদ্ধার করে সিলেটের উদ্দেশে নিয়ে যায়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এদিকে, ট্রেনটি আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই সকাল সাতটার মধ্যে ট্রেন ছেড়ে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত