‘বৈধ কাগজপত্র ছাড়া তেল নয়’
সড়কে নিরাপত্তা জোরদার ও অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন। অবৈধ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একইসঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।
আইনের বিধান প্রতিপালনের লক্ষ্যে শুধুমাত্র নিজ নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, মোটরযান চালনার হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, হালনাগাদ ফিটনেস সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), হালনাগাদ রুট পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি থাকা অবস্থায় মোটরযানকে জ্বালানি সরবরাহ করা যাবে। বিজ্ঞপ্তিতে কাগজপত্রবিহীন কোনো ধরনের মোটরযানে জ্বালানি তেল না দেওয়ার জন্য পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: