• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে আবারও হট্টগোল

প্রকাশিত: ২০:২৯, ২৭ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে আবারও হট্টগোল

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যে বিরোধীদলের বাধা

‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা এক কথা নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় সদস্যদের তুমুল প্রতিবাদ, হট্টগোল ও টেবিল চাপড়ানোর মুখে একপর্যায়ে নিজের বক্তব্য প্রত্যাহার করে নেন তিনি।

বারবার বাধাপ্রাপ্ত হয়ে এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কথাই না বলতে পারি, এটাই যদি ডেমোক্রেসি হয়... আমি কী বলতাম, কেউ তো শুনছে না।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

অধিবেশনে এক বিরোধীদলীয় সংসদ সদস্য অভিযোগ করেন, বিরোধীদলীয় এমপিদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো মিথ্যা মামলা দিয়ে আইনের শাসনকে ধ্বংস করা হচ্ছে।

জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা এক কথা না...।’

তার এ বক্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধীদলীয় সদস্যরা ব্যাপক হট্টগোল শুরু করেন এবং টেবিল চাপড়াতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়েস, আই উইথড্র, আই উইথড্র।’

পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আমি বোঝাতে চেয়েছি, এটা জাতীয় সংসদ। বাইরের বক্তৃতা এখানে চলে না।’

তিনি বলেন, শুধু সাধারণভাবে কোথায় ছিনতাই হয়েছে বা কোথায় এমপির মামলার আসামি গ্রেফতার হয়নি—এভাবে বললে হবে না। এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন ও ঘটনার বর্ণনা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্পেসিফিক প্রশ্ন করতে হবে, স্পেসিফিক উত্তর দিতে হবে। এটাই আমার উদ্দেশ্য ছিল।’

এ সময় স্পিকারের কাছে নিরাপত্তা ও বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় সদস্য সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবেন, আমিও দাঁড়িয়ে থাকব।’
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত