• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ককটেল বিস্ফোরণ, রাতে বাসে আগুন

প্রকাশিত: ০০:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ককটেল বিস্ফোরণ, রাতে বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীতে শুক্রবার দিনভর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী এবং রাতে বাবুবাজার, মগবাজার ও রামপুরায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটে।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। একাধিক ঘটনায় কারা জড়িত বা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সবশেষ রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সামনের সড়কে জোড়া ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিটিভির বিপরীত পাশের সড়কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাটি হাতিরঝিল থানার আওতাধীন।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

এর আগে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন কীভাবে লেগেছে বা এতে দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

এর কয়েক মিনিট আগে রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর জানান, থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার এসআই মো. তারেক বলেন, কেউ ওপর থেকে নিচে ককটেল ছুড়ে মেরেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং রাতে থানার সামনে বাসে আগুন লাগার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলগুলোতে কাজ করছে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: