• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই উদ্বোধনের মাধ্যমে নগরবাসী ও পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে নির্মাণাধীন সাইকেল ট্র্যাকের উন্নয়নকাজ পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়কটির উভয় পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে নির্মাণ করা হয়েছে সাইকেল ট্র্যাক।

তিনি বলেন, এর ফলে সড়কটি শুধু যান চলাচলের উপযোগীই হবে না, নগরীর সৌন্দর্য ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।

সাইকেল চলাচলের জন্য পৃথক লেন থাকায় একদিকে সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে, অন্যদিকে নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগরবাসীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও সক্রিয় জীবনযাপনের প্রবণতাও বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলীসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত