• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই হয়ে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশিত: ০০:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুবাই হয়ে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফেরার পথে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএনজিএর অধিবেশনে প্রধানমন্ত্রী বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পর নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি বিশ্বনেতা, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেন।

নিউইয়র্কে পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন ঢাকা ফেরার আগে এক প্রেস ব্রিফিংয়ে জানান।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত