সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা, আমরা লজ্জিত: আবিদুল ইসলাম
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ। তিনি বলেছেন, সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা, তার স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত।
রবিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
প্রতিবাদ জানিয়ে তিনি লিখেন, সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত। ক্রিমিনালদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করছি। পুরো ঘটনাকে দ্রুত সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে উপস্থাপন করুন।
এর আগে শনিবার রাতে এক ভিডিওবার্তায় চাঁদা না দেওয়ায় রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক স্টুডিওতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ করেন তার স্টুডিওর এক কর্মকর্তা।
হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে। এ সময় স্টুডিওর প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। তবে কেউ আহত হননি।
এদিকে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানান, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।
বিভি/এজেড













মন্তব্য করুন: