• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট-ভিসা স্থগিত করলো এশিয়ার যে দেশ

প্রকাশিত: ১৮:৪৬, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট-ভিসা স্থগিত করলো এশিয়ার যে দেশ

বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে লাওসে। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য শ্রমিক নিয়োগের কোটা অনুমোদন, ওয়ার্ক পারমিট এবং শ্রমিক শ্রেণির এলএ-বি২ ভিসা ইস্যুও বন্ধ রেখেছে দেশটি।

গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে লাওস সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া ও ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিতের কথা জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক শ্রেণির এলএ-বি২ ভিসা ইস্যুও বন্ধ থাকবে।

লাওস সরকারের এ স্থগিতাদেশ গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

এ অবস্থায় লাওসে কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহী বাংলাদেশিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার সময় দেশটির স্থগিতাদেশ মেনে চলতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিদেশগামী কর্মীদের প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতেও সতর্ক করেছে মন্ত্রণালয়। লাওসে যাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দিতে এবং এ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত