• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে যে উপজেলায়

বাসস

প্রকাশিত: ২২:৫৪, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৫৫, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে যে উপজেলায়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ময়মনসিংহের ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হবে।

তিনি বলেন, ‘ভবিষ্যতের উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে ঢাকার কাছে ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ময়মনসিংহ নগরীর সারিন্দা সাবাড়ি রিসোর্টে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‘সৃজনের আনন্দে’ প্রতিপাদ্য নিয়ে বিশদ ময়মনসিংহ সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ প্রসঙ্গে মিল্লাত বলেন, ভবিষ্যতের চাহিদা পূরণ এবং পুরোনো উড়োজাহাজ প্রতিস্থাপনের জন্য ৩৫টি উড়োজাহাজ কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করছেন, উড়োজাহাজ কেনার পেছনে আমাদের কেন কয়েক শ কোটি ডলার ব্যয় করতে হবে। ২০৩১ সাল থেকে উড়োজাহাজ সরবরাহ শুরু হবে এবং ২০৩৬-৩৭ সাল পর্যন্ত ধাপে ধাপে তা চলবে।’

তিনি আরও বলেন, তত দিনে বিদ্যমান বহরের অধিকাংশ উড়োজাহাজের কার্যকর পরিচালন মেয়াদ শেষ হয়ে আসবে।

মিল্লাত বলেন, ‘এই বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা এ উদ্যোগ নিয়েছি। যারা এর বিরোধিতা করছেন, তাদের অনেকেই বিষয়টি বিবেচনায় নিচ্ছেন না।’

নিউইয়র্ক, সিডনি, কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সুযোগের কথা উল্লেখ করে মন্ত্রী আন্তর্জাতিক আকাশপথে সরাসরি যোগাযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

পর্যটন খাত সম্পর্কে তিনি বলেন, নেত্রকোনার বিরিশিরিকে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম একটি বড় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে মিল্লাত বলেন, প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করবেন। প্রয়োজন হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যক্তিগতভাবে তুলে ধরবেন।

তিনি বলেন, ‘আমরা ময়মনসিংহকে অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চাই না। সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়ে বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে কাজ করতে চাই।’

মন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের অর্জন যেন আরও বড় সাফল্য অর্জন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ। তারাই বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে।’

মন্ত্রী শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ থাকার, মাদক থেকে দূরে থাকার, খেলাধুলায় অংশ নেওয়ার এবং নিজেদের লক্ষ্য অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মিল্লাত বলেন, শিক্ষার উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সহায়তায় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং বৃহত্তর ময়মনসিংহের অগ্রগতিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী উৎসবের পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশ সবার।’ উৎসবের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের সঠিক পথ বেছে নেওয়া এবং নিজেদের মেধা দেশের সেবায় কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এতে সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা, আধুনিক সিনেপ্লেক্স এবং বিনোদনের অন্যান্য ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলাতেই এ ধরনের কমপ্লেক্স গড়ে তোলা হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত