সৌদিগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ: বন্ধ রিয়াদ বিমানবন্দর, ২ ফ্লাইট স্থগিত
রিয়াদ এয়ারপোর্ট (ফাইল ছবি)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। অনিবার্য পরিচালনগত কারণে ফ্লাইট দুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানায়।
বিমানের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ১১ অক্টোবর ২০২৬ তারিখে নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৩৯ স্থগিত করা হয়েছে। সংশোধিত ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হওয়ার পর জানানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রবিবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সহায়তার জন্য যোগাযোগ:
- ফোন: ০২-৮৯০১৫০০, এক্সটেনশন ৫৫২৬
- সরাসরি: ০২-৮৯০১৭৫৭
- হটলাইন: ১৩৬৩৬
এ অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: