৫৭ ভুয়া বিল পাস করে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি বিল পাস করে সরকারি ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে কারাগারের খোরাকি রেশন খাতে সরকারি অর্থ আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কারাগারের আর্থিক বিভাগীয় নিরীক্ষায় সরকারি অর্থ তছরুপ ও অনিয়মের বিষয়টি উঠে আসে। পরে কারা অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি ভুয়া বিল পাস করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’। এসব বিলের মাধ্যমে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসব অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: