• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদানের তালিকায় ৪৩২ যুব সংগঠন

প্রকাশিত: ১২:৪৫, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৪৬, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদানের তালিকায় ৪৩২ যুব সংগঠন

ফাইল ছবি

সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হচ্ছে। পাশাপাশি নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী তরুণ ও যুব সংগঠনগুলোর হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতি গঠনে তরুণেরাই দেশের প্রধান চালিকাশক্তি। যুবসমাজের উদ্যম, সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে স্থায়ীভাবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। পাশাপাশি যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিবছর নিবন্ধিত যুব সংগঠনগুলোকে প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়।

তিনি জানান, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি ক্যাটাগরিতে বাছাই করা ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এ ছাড়া সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ১ লাখ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন পাবে ৭৫ হাজার টাকা এবং বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ২০টি যুব সংগঠন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও অনুদানপ্রাপ্ত সংগঠনগুলো নির্বাচন করা হয়েছে।

তিনি আরও জানান, মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের জেলা প্রশাসকেরা যুক্ত থাকবেন। কেন্দ্রীয়ভাবে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাকি ৪২৯টি সংগঠনের হাতে চেক তুলে দেওয়া হবে।

অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী চেক বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরপরই অনুদানের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: