কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: জহির উদ্দিন স্বপন
কৃষি খাতের উন্নয়ন, বাজারব্যবস্থার শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার; সব ক্ষেত্রেই কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখে নীতি নির্ধারণ করতে হবে। পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ ও কৃষিঋণ মওকুফের উদ্যোগের মাধ্যমে কৃষককে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘কৃষি ইকোসিস্টেমের সর্বোচ্চ প্রসার ও উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোগ, অর্থায়ন ও সহজীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক কৃষিব্যবস্থার বিভিন্ন পর্যায়ে যুক্ত মধ্যস্বত্বভোগী ও অন্যান্য অংশীজনের সমস্যা নিয়ে যেভাবে আলোচনা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না। অথচ কৃষির পুরো ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কৃষক।
তিনি বলেন, ‘প্রযুক্তির যত অগ্রগতিই হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের জৈবিক অনিবার্যতার কারণে কৃষির ওপর আমাদের নির্ভর করতেই হবে। আমাদের দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। অথচ সমাজে কৃষিপেশাকে অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের কৌশলগত গুরুত্ব স্বীকার না করলে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।’
কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে কৃষক কার্ড প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। দেশের অর্থনীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি টেকসই রাখতে কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত খাতগুলোর একটি।
কৃষি খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সুফল যেন সরাসরি কৃষকের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদন, পণ্যের বাজার নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের মাধ্যমে কৃষক যাতে প্রতারিত না হন, সে জন্য কার্যকর ও কাঠামোগত ব্যবস্থা নিতে হবে।
বিশ্বব্যাপী কৃষি খাতে ভর্তুকিনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি এ খাতের জন্য দীর্ঘমেয়াদি, টেকসই ও লাভজনক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা, অর্থায়ন ও আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে বাজারব্যবস্থাকে আরও গতিশীল করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্পের পরিচালক ক্রিস্টিনা ওলসেন।
এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার শাহজাহান শেখ, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান এবং ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাসহ অন্যরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: