• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে তদারকি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ আইসিটি মন্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২৭, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রাথমিক বিদ্যালয়ে তদারকি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ আইসিটি মন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কেমন যেন তেমন পড়ালেখা হয় না। কিন্ডারগার্টেন স্কুলগুলোর সাথে তাল মিলিয়ে সরকারি স্কুলগুলোতেও গুণগত পড়াশোনা নিশ্চিত করতে হবে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রাথমিক শিক্ষা অফিসারদের তদারকি বাড়াতে হবে এবং সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কীভাবে পড়ালেখা চলছে সে ব্যাপারে নিয়মিত খোঁজখবর নিতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর অডিটরিয়ামে আয়োজিত এক 'কিন্ডারগার্টেন বৃত্তি বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "প্রাথমিক বিদ্যালয়েই শিশুদের মূল বেইজমেন্ট বা ভিত্তি গঠিত হয়। এই ভিত্তি মজবুত না হলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে।" বেইজমেন্ট ভালো করার জন্য প্রশাসনের তদারকির পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও তদারকি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের শিক্ষার বিষয়টি শুধু বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছেড়ে দিলে চলবে না।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রতিটি এলাকায় মাদকের চরম বিস্তার ঘটেছে। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

মধুপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাফফর হোসেন আকন্দ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সভাপতি আনোয়ারা খন্দকার ইসলাম লিলি সরকার, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর তালুকদার, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এবং মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নবী শিহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: