• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশিত: ১৭:৫০, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা (Satsuki Katayama) এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির (Mimura Atsushi) এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশের সাথে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যানুগত ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারা মনে করেন বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের (FDI) বাইরে বিকল্প অর্থায়ন (Alternative Financing) ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন। রপ্তানি বহুমুখিকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাংলাদেশের অর্থমন্ত্রী ।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বড় বড় অনেক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং বর্তমানেও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও নতুন চুক্তি হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: