বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া ফিলিপাইনের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কেইস্টিন ভার বুনাগ নামের ৩২ বছর বয়সী ওই ফিলিপিনো নাগরিকের শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিলো। পাশাপাশি তার শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিলো।
হাসপাতাল ও ওই বিদেশির পরিচিতদের সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসেন কেইস্টিন ভার বুনাগ। এরপর ২৮ অক্টোবর বনানীর ৭ নম্বর রোডের একটি বাসায় থাকতে শুরু করেন তিনি। ওই দিনই রান্না করার জন্য সিলিন্ডারের গ্যাসে আগুন ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছিলো।
বিভি/বিএস/এআই













মন্তব্য করুন: