মা ইলিশ রক্ষায় এবার আকাশপথে বিমানবাহিনীর বিশেষ নজরদারি
ছবি: আইএসপিআর
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় এলাকায় আকাশপথে বিশেষ নজরদারি চালিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন নদীপথ পর্যবেক্ষণ করা হয়। এ সময় মাছ ধরার নৌযান শনাক্ত হলে সেগুলোকে সতর্ক করতে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট ব্যবহার করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় এ নজরদারি কার্যক্রম চালানো হয়। সোমবার (২ নভেম্বর) আইএসপিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল ও ভোলার নদীসমূহে নজরদারি করা হয়। যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার নদী এলাকায় এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া অঞ্চলে বিশেষ টহল পরিচালনা করা হয়।
নজরদারি চলাকালে মাদারীপুর ও শরীয়তপুরের নদীতে মাছ ধরার নৌযান দেখা গেলে হেলিকপ্টার থেকে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট বা ‘নাইট সান’ ব্যবহার করে সেগুলোকে সতর্ক করা হয়।
বিমানবাহিনীর হেলিকপ্টারে সংযুক্ত নাইট সান অন্ধকারে দৃশ্যমানতা বাড়াতে সহায়তা করে। এ ছাড়া, এসব অভিযানে এয়ারক্রুরা নাইট ভিশন গগলস (এনভিজি) ব্যবহার করেন। এর মাধ্যমে স্বল্প আলোতেও নৌযান পর্যবেক্ষণ এবং নিষিদ্ধ সময়ে মাছ ধরার কার্যক্রম শনাক্ত করা সম্ভব হয়।
আকাশপথে পরিচালিত এসব অভিযানে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রাখা হয়।
বিমানবাহিনী জানিয়েছে, বিশেষ অভিযান ছাড়াও বিভিন্ন বিমানঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উপকূলীয় এলাকায় নিচু দিয়ে উড্ডয়নের মাধ্যমে নজরদারি চালানো হয়। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: