• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ

বাসস

প্রকাশিত: ১৪:০৮, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছে উভয় দেশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জনসে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) ফাঁকে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউএইর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় প্রস্তাবিত সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের ওপর গুরুত্ব দেন তারা।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

বাংলাদেশের বন্দর অবকাঠামোতে ইউএইর বিনিয়োগ এবং বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থনের বিষয়েও আলোচনা হয়।

একই সঙ্গে রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলা এবং সংকট নিরসনে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত