সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সচিবালয়ের জনবল নিয়োগের অগ্রগতি, সাংগঠনিক সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে দৃঢ়ীকরণ করা হয়। পরে জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগ-সংক্রান্ত অগ্রগতি কমিটিকে অবহিত করা হয়।
সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগপ্রক্রিয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার কার্যক্রম চলছে। এ ছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগপ্রক্রিয়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দিতে দুজন অথবা ক্ষেত্রবিশেষে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়। পরামর্শক নিয়োগের বিষয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণেরও সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মো. সেলিম রেজা এমপি এবং মোসাম্মৎ শাম্মী আক্তার এমপি অংশ নেন।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: