প্রজন্ম থেকে প্রজন্মে কোরআনের খেদমত অব্যাহত রাখার তাগিদ রাষ্ট্রপতির
পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ। এর বিশুদ্ধ তিলাওয়াত শেখানো, কোরআনের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দেওয়া এবং প্রজন্ম থেকে প্রজন্মে এর খেদমত অব্যাহত রাখা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা, যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরি এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় কোরআনভিত্তিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য শোনেন। এ সময় আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদের কোরআন তিলাওয়াতও মনোযোগ দিয়ে শোনেন তিনি। পাশাপাশি আসন্ন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: