• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

৫ অতিরিক্ত আইজিপিসহ একযোগে পুলিশের ৭ কর্মকর্তার বদলি

প্রকাশিত: ২০:৪৮, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৪, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৫ অতিরিক্ত আইজিপিসহ একযোগে পুলিশের ৭ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারসহ ডিআইজি পদমর্যাদার আরও দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক করা হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সাইয়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগে অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: