• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘গেরিলা মুক্তিযোদ্ধা থেকে জননেতা’, স্মৃতিতে সাদেক হোসেন খোকা

প্রকাশিত: ২৩:৪৯, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘গেরিলা মুক্তিযোদ্ধা থেকে জননেতা’, স্মৃতিতে সাদেক হোসেন খোকা

সাবেক মেয়র সাদেক হোসেন খোকা

রাজনীতির মাঠের অতি পরিচিত মুখ। একাত্তরে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা থেকে ঢাকা সিটি করপোরেশনের মেয়র—বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নানা পরিচয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন এই বিএনপি নেতা। বলছি, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কথা।

৪ নভেম্বর তার সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া।

১৯৫২ সালের ১২ মে জন্মগ্রহণ করেন সাদেক হোসেন খোকা। তরুণ বয়সেই যুক্ত হন মুক্তিযুদ্ধে। একাত্তরে গেরিলা যোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেন। স্বাধীনতার পর রাজনীতিতে সক্রিয় হয়ে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেন।

বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে রাজধানীর নগরজীবন ও নাগরিক সেবার নানা বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবেও তার আলাদা পরিচিতি ছিল।

জীবনের শেষ সময়ে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা।

তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। পরে ঢাকার জুরাইন কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

সময় পেরিয়ে সাত বছর। তবে মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা, রাজনৈতিক পথচলা এবং রাজধানীর নগর প্রশাসনে দায়িত্ব পালনের স্মৃতিতে আজও আলোচিত সাদেক হোসেন খোকা। মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছেন রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীরা।

বিভি/টিটি

মন্তব্য করুন: