টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম সৈনিক মো. তিতাস শেখ (২৭)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে এদিন বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দলটি এ অভিযানে অংশ নেয়।
সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে জানা যায়, রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল। এ তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হন সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ। তার বাম কাঁধে গুলি লাগার পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকেও উদ্ধার করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশমাতৃকার সেবায় তার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।
বিভি/টিটি













মন্তব্য করুন: