রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা
ছবি: সংগৃহীত
সচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
রাষ্ট্রপতির আদেশ নং ২৬/১৯৭৩ এবং সোসাইটির গঠনতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যবস্থাপনা পর্ষদের নির্ধারিত পদগুলোতে নির্বাচন অনুষ্ঠানের জন্য এ তফসিল প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটগ্রহণ শেষে একইদিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই, আপিল গ্রহণ ও নিষ্পত্তি এবং ভোটগ্রহণসহ নির্বাচনের প্রতিটি ধাপ ঘোষিত তফসিল অনুযায়ী সম্পন্ন করা হবে।
আগামী ১১-১৫ নভেম্বর ইউনিটের পাঠানো ডেলিগেট তথ্য যাচাই-বাছাই করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর আপত্তি ও আবেদন গ্রহণ, নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ, ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ, ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে।
২২ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বিভি/এআই













মন্তব্য করুন: