জেলায় জেলায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি। নেতাকর্মীদের উচ্ছাসে রাজধানীর শোভাযাত্রা রূপ নেয় জনসমুদ্রে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায়ও নানা আয়োজনে পালন হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
রাজশাহী
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির সূচনা করে মহানগর বিএনপি। প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। সাথে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অন্যরা।
সিরাজগঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতাকে মজবুত ভিত্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
বরিশাল
দিনটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে নগরীতে শোভাযাত্রা হয়েছে বরিশালে। এতে নেতৃত্ব দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
চট্টগ্রাম
৭ নভেম্বর এ দেশ প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দিনটিতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
পঞ্চগড়
নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হয়েছে পঞ্চগড়ে। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
জয়পুরহাট
জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী।
গাইবান্ধা
গাইবান্ধায় বিএনপির আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মমতাজ আলোসহ অনেকে।
নাটোর
দিনটিতে নাটোরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয়া হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ভোলা
ভোলায় জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বগুড়া
বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন।
হবিগঞ্জ
হবিগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ আলহাজ্ব জিকে গউছ। এতে জেলা প্রশাসনের উদ্বর্ধতন কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ
ময়মনসিংহে দিবসটিতে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিনব্যাপী আলাদা কর্মসূচি পালন হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
জামালপুর
জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন, ফরিদুল কবির তালুকদার শামীম ও মোস্তাফিজুর রহমান বাবুল।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে জেলা বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কয়ছর এম আহমদ ও নুরুল ইসলাম নুরুল।
নোয়াখালী
নোয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
নড়াইল
নড়াইলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
ঝালকাঠি
ঝালকাঠিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
রংপুর
রংপুরে শোভাযাত্রা ও আলোচনা সভায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।
রাঙামাটি ও খাগড়াছড়ি
রাঙামাটিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। খাগড়াছড়িতে নেতৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
এছাড়া মানিকগঞ্জ, ঝিনাইদহ, চাপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ও হিলিসহ দেশের বিভিন্ন জায়গায়ও নানা আয়োজনে পালন হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
বিভি/এজেড













মন্তব্য করুন: