রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদকদের মতবিনিময়, সহযোগিতার আশ্বাস
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে অনুষ্ঠিত সভায় দেশের জাতীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তর-এর সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন-এর সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইন্যান্সিয়াল পোস্ট-এর সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ওসমান গনি মনসুর।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।
এ সময় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: