• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ইমিগ্রেশন আটকে দিলো হাজী সেলিমের বিদেশযাত্রা!

প্রকাশিত: ১৪:১৪, ১০ মে ২০২২

আপডেট: ১৪:২৯, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
ইমিগ্রেশন আটকে দিলো হাজী সেলিমের বিদেশযাত্রা!

দণ্ডাদেশ নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ বিমানে উঠতে দেয়নি এমপি হাজী সেলিমকে।

মঙ্গলবার (১০ মে) দুপুর দেড়টায় টিজি৩২২ ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, সকাল ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বকুল কক্ষে তাকে সোফায় বসে অপেক্ষা করতে দেখা গেছে। এসময় তার সঙ্গে পিএস সোহেলসহ তিনজন ছিলেন। তবে দুপুর ১টা দিকে ইমিগ্রেশন পার হওয়ার সময় সেখানে কর্তব্যরত কর্মকর্তারা তাকে যেতে দেননি। এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তর্ক করতে দেখা যায় হাজী সেলিম ও তার সহকারিদের মধ্যে।

এর আগেও এক দফা থাইল্যান্ড গিয়েছিলেন হাজী সেলিম। গত শনিবার (০১ মে) খুব গোপনীয়তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান হাজী সেলিম। পরে দেশজুড়ে তার এই বিদেশ যাত্রা নিয়ে শোরগোল ওঠে। ৫দিন পরে বৃহস্পতিবার (৫ মে) থাইল্যান্ড থেকে চিকিৎসাগ্রহণ শেষে দেশে ফেরেন আলোচিত এই সংসদ সদস্য হাজী সেলিম। 

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

বিভি/এসএইচ/এএন

মন্তব্য করুন: