শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারা এই পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...’ গানের সুর বাজানো হয়।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশিষ্টজনরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ আসলে তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানান।
বিভি/ এসআই



মন্তব্য করুন: