শহরের ময়লা গ্রামে, রোগ-শোক আর দুর্ভোগে মানুষ
শহরের ময়লা গ্রামে, রোগ-শোক আর দুর্ভোগে মানুষ। ছবি: বাংলাভিশন
১৮৭২ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী পৌরসভা। একশত চুয়ান্ন বছরের প্রথম শ্রেণির এ পৌরসভায় প্রতিদিন অন্তত ৮০ টন বর্জ্য একত্রিত হয়। আর এসব বর্জ্যরে অর্ধেক অপসারণ করতে পারে কর্তৃপক্ষ। যা শহর থেকে অন্তত পক্ষে ১০ কিলোমিটার দুরের গ্রাম ধর্মপুরের উন্মুক্ত স্থানে বাগাড় করে রাখা হয়।
ফলে এসব ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধের পাশাপাশি বিষাক্ত পানি ও ধোঁয়ায় চর্ম এবং শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন উন্মুক্ত স্থানে এসব ময়লা আবর্জনা রাখার ফলে মানুষের পাশাপাশি মাছ, উদ্ভিদ ও প্রাণী বিনষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ বলছে, আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে।
সম্প্রতি সরেজমিনে গেলে দেখা যায়, চলাচলের পথ, ডোবা-নালা, পুকুর কিংবা মাছের ঘের, সবখানেই মিশে গেছে ময়লা-আবর্জনার বিষাক্ত পানি। বর্ষায় এ বিষাক্ত পানির প্রবাহ ভয়াবহ আকার ধারণ করে। আর শুষ্ক মৌসুমে ময়লার বাগাড়ে দিনরাত জ্বলে আগুন। এতে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গ্রাম। দুর্গন্ধতো নিত্য সঙ্গী। এতে স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর চর্ম ও শ্বাসকষ্ট জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। মরে ভেসে উঠছে পুকুর ও ঘেরের মাছ। এমন দৃশ্য নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের শল্লা গ্রামের।
আনোয়ার হোসেন নামে এক বাসিন্দা হাত দেখিয়ে বলেন, গত দুই বছর পর্যন্ত কয়েকদিন পর পর তার হাতে ফোসকা উঠছে। ওষুধ খেলে যায়, কয়েকদিন পর আবারও দেখা দেয়। শুধু তার নয়। তার মাদ্রাসা পড়ুয়া ছেলে, মেয়ে ও স্ত্রীরও একই অবস্থা। মাসের অর্ধেক সময়ও তারা সুস্থ্য থাকেন না। হাতে, পায়ে বেশি দেখা দিচ্ছে এসব চর্ম রোগ। তার ভাষ্য মতে, তাদের গ্রামে যখন থেকে ময়লার বাগাড় করা হয়েছে তারপর থেকেই এমন দৃশ্য হরহামেশা হচ্ছে।
জামাল উদ্দিন নামে আরেক বাসিন্দা অভিযোগ করে বলেন, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের শল্লা গ্রামের এ অংশে দুই শতাধিক পরিবার বসবাস করেন। রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কয়েকটি মসজিদ। রাস্তাঘাট অতটা উন্নত না হলেও চারিদিকে সবুজ। বাড়ি আছে, রয়েছে পুকুর, ফসলি জমি ও মাছের ঘের। কখনও এলাকায় চর্ম রোগ ও শ্বাস কষ্ট জনিত রোগ এত বেশি ছিল না। কিন্তু ২০২৩ সালের দিকে হঠাৎ করে তাদের গ্রামে সমিতির দোকান সড়ক ঘেঁষে ময়লা রাখতে শুরু করে নোয়াখালী পৌরসভা। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে নোয়াখালী পৌর শহরের সব ময়লা এনে রাখতে শুরু করে উন্মুক্ত ওই স্থানে। শহরের ময়লায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের গ্রামের মানুষদের। দফায় দফায় আন্দোলনও করেছে স্থানীয় বাসিন্দারা। শুরুর দিকে তারা রাস্তায় নামার পর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে এখানে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করবে। কিন্তু ৪ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তা করেনি।
তিনি আরো জানান, ৫ আগস্ট পরবর্তী ওই এলাকার কয়েক শত মানুষ সোনাপুর-সুবর্ণচর সড়কে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশে সড়ক অবরোধ করেন। তখন পৌর কর্তৃপক্ষ সেনাবাহিনী নিয়ে যায়। তখন সেনাবাহিনী তাদেরকে আশ্বস্ত করেন, ময়লার বাগাড় এলাকায় সীমানা দেওয়াল ও ড্রেনেজ ব্যবস্থা করে দিবে, যাতে করে ময়লা বাহিরে না যায় এবং ময়লার বিষাক্ত পানি ভিন্ন কোনো স্থানে যাবে। কিন্তু সেটাও এখন পর্যন্ত করেনি।
মোহছেনা বেগম জানান, তাদের পরিবারে সদস্য সংখ্যা ৭জন। তার শ্বশুরের বয়স ৭০ এর মতো। ঘরের তিনটি শিশু রয়েছে। তাদের মাস জুড়েই চর্মরোগ দেখা দেয়। তার শ্বশুর সম্প্রতি ভুগছে শ্বাসকষ্টে। তিনি বলেন, বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন বাগাড়ে আগুন দেওয়া হয়, তখন ধোয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। ওই সময় ঘরে থাকাও মুসকিল হয়ে পড়ে। আর বর্ষায় ময়লার কালো পানি পুকুর ও পথে পথে হয়ে যায়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জাম বলেন, শহরের বর্জগুলোর মধ্যে সাধারণ বর্জ্যরে পাশাপাশি অনেক ভারি বা হাসপাতালের বর্জ্যও রয়েছে। কিন্তু আধুনিক বর্জ্য ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বর্জ্যগুলোকে খোলা জায়গায় রাখছে। ফলে ময়লাগুলো থেকে এক ধরণের পানি বা লিসেড উৎপন্ন হচ্ছে। যা অত্যন্ত বিষাক্ত। গবেষনায় দেখা যায়, এসব পানিতে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক ও মাইক্রো অর্গানিজম থাকবে। ফলে এগুলো আশপাশের খাল, পুকুর বা জমিতে গিয়ে পড়ার কারণে ভূউপরিভাগের পানির ডিজলম্ব অক্সিজেন কমিয়ে দেয়। এতে করে মাছ ও বিভিন্ন প্রকার জলজপ্রানি অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। আবার সাধারণ বর্জ্যরে পাশাপাশি হাসপাতালের বর্জ্য থাকার কারণে ভয়াবনক জীবানু ছড়াচ্ছে আশপাশে। ফলে পার্শ্ববর্তী বাসিন্দারা যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আবার পশু-পাখির মাধ্যমে তা দুরে গিয়েও ছড়াচ্ছে। সব মিলিয়ে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পরিবেশ ও প্রতিবেশের নানা অনুসঙ্গও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নোয়াখালী পৌরসভার তথ্য অনুযায়ী, নোয়াখারী পৌর এলাকায় প্রতিদিন অন্তত ৮০ টন বর্জ্য তৈরি হচ্ছে। এর মধ্যে গড়ে ৪০ টন বর্জ্য সরানোর স্বক্ষমতা রয়েছে পৌরসভার। যা রাখা হচ্ছে শহর থেকে দুরে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের শল্লাহ গ্রামে। ২০২২ সালে পৌর কর্তৃপক্ষ দ্বিতীয় ডাম্পিং এস্টেশনের জন্য সেখানে সাড়ে ১২ একর জায়গা ক্রয় করে। স্থানীয়দের জানানো হয় সেখানে তৈরি করা হবে আধুনিক বর্জ্য শোধনাগার। কিন্তু ৪ বছর অতিবাহিত হলেও তৈরি হয়নি শোধনাগার, ফলে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের।
নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খাঁন বর্জ্যরে কারণে স্থানীয়দের নানা সমস্যা হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ইতোমধ্যে যাদের মাছ মারা গিয়েছে তাদেরকে ক্ষতিপুরনও দেওয়া হয়েছে। তবে স্থায়ীভাবে সমাধানের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। কিন্তু ধীরগীতে কাজ আগানোর কারণে বাস্তবায়ন করা এখনও সম্ভব হচ্ছে না। তবে বার বার চেষ্টা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন করার। বাস্তবায়ন হলে এসব সমস্যা দ্রুত শেষ হবে।
তিনি আরো বলেন, ওই প্রকল্পে স্থানীয়দের জন্য একটি অস্থায়ী স্বাস্থ্য ক্লিনিকও ধরা হয়েছে। এছাড়া পুরো প্রকল্প এলাকা জুড়ে টেকসই বাঁধ, সীমানা দেওয়াল এবং বর্জ্য থেকে সার উৎপাদনের ব্যবস্থাও রয়েছে।
শহরের ময়লায় চাপা পড়ে বিনষ্ট হচ্ছে গ্রামের শত শত পরিবারের নারী-শিশুসহ সব বয়সী মানুষের স্বস্তি। তাই শুধু আশ্বাস না দিয়ে স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী ভুক্তভোগীদের।
বিভি/এমএস/এজেড













মন্তব্য করুন: