• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

আইন-রাজনীতির বহুমাত্রিক নেতৃত্ব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

প্রকাশিত: ১৪:২০, ২৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আইন-রাজনীতির বহুমাত্রিক নেতৃত্ব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আইন ও রাজনীতিতে বহুমাত্রিক নেতৃত্ব দিয়ে চলেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এবার হলেন দেশে ১৮তম অ্যাটর্নি জেনারেল। বুধবার (২৫ মার্চ) তাকে এই পদে স্থলাভিষিক্ত করেছে সরকার। 

জানা যায়, বাংলাদেশের আইন অঙ্গনে সুপরিচিত মুখ ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবীদের সরাসরি ভোটে তিনি টানা তিনবার (২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩) সম্পাদক নির্বাচিত হন। এছাড়া, সারা দেশের আইনজীবীদের ভোটে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন তিনি। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সাংবিধানিক আইনের জটিল বিষয়ে তিনি একাধিকবার অ্যামিকাস কিউরি হিসেবে আদালতে মতামত দিয়েছেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলায় তার যুক্তি ও বিশ্লেষণ আইনজীবী মহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ষোড়শ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলায় তার উপস্থাপনা উল্লেখযোগ্য। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন মামলায় তার সক্রিয় অংশগ্রহণ আলোচিত হয়েছে।

জানা যায়, ১৯৭০ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মো. নজরুল ইসলাম এবং মাতা মরহুমা আম্বিয়া খাতুন। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার মহেশপুরে হলেও বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর ফারজানা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী একজন সিনিয়র ব্যাংকার। তাদের সংসারে দুই কন্যা রয়েছে—আদিবা রুহুল, যিনি ব্যারিস্টার হওয়ার পথে রয়েছেন, এবং আরিবা রুহুল, যিনি ঢাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অধ্যয়নরত।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন অভিজ্ঞ ও বিশ্বদৃষ্টিসম্পন্ন আইনজীবী হিসেবে পরিচিত করেছে। তিনি বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো, তুরস্কের ইস্তাম্বুলসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ২০১০ সালে যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে দেশটির সাধারণ নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ কোরিয়ার সিউলে আন্তর্জাতিক আইন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত ও জাপানসহ বিভিন্ন দেশে আইন, মানবাধিকার ও প্রশাসন সংশ্লিষ্ট সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ১৯৯৫ সালে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পান এবং সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি দলের সদস্য ছিলেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির গঠিত আইনগত সহায়তা সেলের টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক সম্মেলন, কূটনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক সম্পৃক্ততা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্যের মাধ্যমে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেকে একজন পরিপূর্ণ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: