• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই   

প্রকাশিত: ১৫:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই   

শিশুসাহিত্যিক, সাংবাদিক ও গীতিকার আখতার হুসেন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

রম্যলেখক তাপস রায় আখতার হুসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা শারীরিক জটিলতায় আখতার হুসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

১৮ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন, আখতার হুসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার অবস্থা সংকটজনক।

হাসপাতালে তার পাশে ছিলেন ছেলে প্রমিত হুসেন। তিনি জানিয়েছিলেন, তার বাবা আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে রক্তচাপ কমে যাওয়া ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিলে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বারডেম হাসপাতালে নেয়ার পর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৪৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন আখতার হুসেন। তার পৈতৃক নিবাস নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। বাবা টি.আই.এম. সিকান্দারের রেলওয়ের চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর কেটেছে খুলনা, গফরগাঁও, কুলাউড়াসহ দেশের বিভিন্ন এলাকায়।

শিশুসাহিত্যিক হিসেবে দীর্ঘদিন বাংলা সাহিত্যে কাজ করেছেন আখতার হুসেন। পাশাপাশি সাংবাদিকতা ও গীতিকার হিসেবেও তার পরিচিতি ছিল। তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত