বিএনপি-জামায়াত নেতারাও আছেন খতমে নবুওয়ত মহাসম্মেলনে
বিএনপি নেতা সালাহউদ্দিন ও জামায়াত নেতা রফিকুল ইসলাম খান রয়েছেন মঞ্চে।
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। দেশি-বিদেশি আলেমদের এই মহাসম্মেলনে যোগ দিয়েছেন বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ ধর্মীয় সমাবেশ। এটি চলবে বেলা ২ টা পর্যন্ত। এতে সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ দেশের আলেমরা যোগ দিয়েছেন। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে।
শনিবার বেলা ১২টার দিকে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেখানে উপস্থিত রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এছাড়াও মঞ্চে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবীদরা।
সম্মেলনকে কেন্দ্র করে শনিবার ভোর থেকেই উপচে পড়া ভিড় দেখা দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, নিজস্ব যানবাহনে, বাসে এবং মেট্রোরেলে সম্মেলনস্থলে পৌঁছান।
বিভি/এজেড



মন্তব্য করুন: