কিছু আসন টার্গেট করে ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম
কিছু আসন টার্গেট করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় জামায়াতে ইসলামীর দফতরে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে প্ল্যানের কথা আমরা শুনেছি, সেই প্ল্যানের একটি বাস্তবায়ন, একটা স্বরূপ এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, একটা পর্যায় পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়ে স্পেসিফিক অনেকগুলো আসন টার্গেট করে, ঢাকা ১৩, ঢাকা ৮ আসন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলে আসন এরকম স্পেসিফিক কয়েকটি আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।
বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি, তারা কীরকম দেশ পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।
এনসিপি নেতা নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা, সারাদেশে নির্বিচারে হামলা, বাড়িঘরে আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে, সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি। এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে সেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিএনপি। আগামী কয়েকদিনের মধ্যে তাদের সরকার গঠনের কথা রয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: