সরকার গঠনের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের উদ্যোগ নেবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
সরকার গঠনের সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত এবং দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনের আওতায় সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের ইতিহাসে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকবে। তার দাবি, সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক স্থানে ভোটাররা নিজেরাই কেন্দ্র পাহারা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষিত করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
নতুন সরকার গঠনের পর অগ্রাধিকার কী হবে—এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই হবে প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এ সংসদই সবচেয়ে কার্যকর আইন প্রণয়নকারী সংসদ হিসেবে ভূমিকা রাখবে।
বিএনপির বিজয় প্রসঙ্গে তিনি বলেন, দলটির জয় প্রত্যাশিত ছিল। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। তার মতে, এবারের নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি তৈরি হয়েছে।
‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়েও তিনি কথা বলেন। এটি রাজনৈতিক সমঝোতার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ। তরুণদের প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর সংবিধান অনুযায়ী শপথগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: